প্রচ্ছদ > খেলা > ক্রিকেট

কোচ ম্যাককালামকে জয়ের কৃতিত্ব দিলেন ইংলিশ অধিনায়ক

article-img

চলতি টি–টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্বে পাকিস্তানকে দুই উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। অধিনায়ক হ্যারি ব্রুকের ঝলমলে সেঞ্চুরিতে এসেছে এই জয়। ব্যাটিং অর্ডারে নিজেকে উপরে তুলে খেলানোর কৃতিত্ব ম্যাচ শেষে তিনি দিয়েছেন প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামকে।

৫১ বলে ১০০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন ব্রুক। তার এই মারকুটে ইনিংসে ভর করেই পাঁচ বল হাতে রেখে ১৬৫ রানের লক্ষ্য পেরিয়ে যায় ইংল্যান্ড।

ব্রুকের ভাষ্য তুলে ধরে আইসিসি জানিয়েছে, ‘সব কৃতিত্ব বাজ (ম্যাককালাম)-এর। তিনিই এই পরিকল্পনার মূল কারিগর। ব্যাটিং অর্ডারে ওপরে উঠে পাওয়ার প্লের সর্বোচ্চ ব্যবহার করার বিষয়ে সকালে তার সঙ্গে কথা হয়েছিল। সৌভাগ্যবশত পরিকল্পনাটা সফল হয়েছে।’

ব্যাটিং অর্ডারে পরিবর্তন নিয়ে ব্রুক বলেন, পাকিস্তানের বিপক্ষে তার আগের অভিজ্ঞতাও একটি কারণ ছিল। পাশাপাশি শুরুতেই প্রতিপক্ষকে চাপে ফেলতে ও পাওয়ার প্লে কাজে লাগাতেই তাকে উপরে খেলানো হয়েছে। উইকেট পড়লেও প্রতিপক্ষের ওপর চাপ ধরে রাখাই ছিল তার দায়িত্ব।

জয়ের পর অনুভূতি জানাতে গিয়ে ব্রুক বলেন, দল জিতেছে—এটাই সবচেয়ে বড় আনন্দ। শেষ দিকে কিছুটা চাপ থাকলেও জয় পাওয়ায় তিনি ভীষণ খুশি।

আগামী ম্যাচগুলোতেও তিন নম্বরে ব্যাট করবেন কি না—এমন প্রশ্নে ব্রুক জানান, বিষয়টি তার ও কোচের আলোচনার ওপর নির্ভর করবে। তবে যত বেশি সময় ক্রিজে থাকতে পারবেন, সেটাই তার জন্য ভালো। সেট হয়ে গেলে মাঝের ওভারে প্রতিপক্ষের সেরা বোলারদের সামলানো তুলনামূলক সহজ হবে বলেও ধারণা তার।